ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ‘ধ্বংস’ হবে: জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:১১ এএম
চলমান শান্তি প্রক্রিয়া যদি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে না এগোয়, তবে মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে পড়বে—এমন সতর্কবাণী দিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ।
মিসরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত হতে যাওয়া একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দেওয়ার আগে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এই সম্মেলনে আলোচিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০-দফা শান্তি পরিকল্পনা, যার উদ্দেশ্য ইসরায়েল–ফিলিস্তিনসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।
বাদশাহ আবদুল্লাহ বলেন, “যদি আমরা এই সমস্যার সমাধান না করি, যদি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য ভবিষ্যৎ পথ নির্ধারণ করতে না পারি, আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক পুনর্গঠন করতে ব্যর্থ হই—তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব।”
তিনি আরও বলেন, অতীতে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বহু প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতি আরও বিপজ্জনক। “এখন সময় এসেছে রাজনৈতিক সাহস দেখানোর,”—যোগ করেন তিনি।
সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার দিনেই হামাস গাজায় আটক শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়, ইসরায়েলের হাতে আটক কিছু ফিলিস্তিনি বন্দির বিনিময়ে। ঘটনাটি শান্তি প্রচেষ্টার পটভূমিতে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
রাজা আবদুল্লাহর মতে, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির একমাত্র পথ হলো একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন পাশাপাশি নিরাপদে বসবাস করতে পারবে।
সুত্র: বিবিসি।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ