যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলা, নিহত প্রায় শতাধিক ফিলিস্তিনি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পিএম
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার গণমাধ্যম দপ্তর। আল জাজিরার খবরে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটি জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল অন্তত ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে। এসব হামলার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জেইতুন পাড়ায়। সেখানে একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ট্যাঙ্কের শেল নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী, যাতে একই পরিবারের ১১ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী ছিলেন।
গাজা বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “পরিবারটি যখন তাদের বাড়িতে ফেরার চেষ্টা করছিল, তখন ইসরাইলি সেনারা তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।”
এছাড়া দক্ষিণ গাজার রাফাহসহ বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান হামলায় আরও অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হন। হামাসের যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে ইসরাইল এসব হামলা চালিয়েছে বলে দাবি করলেও হামাস তা অস্বীকার করেছে।
২৬ জন ফিলিস্তিনিকে হত্যার পর ইসরাইল পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেয়।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি খুব শান্তিপূর্ণ থাকে।”
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ