জুলাই সনদ বাস্তবায়নে আজই আসতে পারে ঐতিহাসিক ঘোষণা: দুপুরে ভাষণ দেবেন ড. ইউনূস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০১:১১ পিএম

ছবি সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি নিশ্চিত করতে বহুল প্রত্যাশিত সরকারি আদেশ আজই জারি হতে পারে। দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে ব্যাখ্যাসহ সুনির্দিষ্ট ঘোষণা দিতে পারেন।

এর আগে সকাল ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশটি পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে। এই আদেশের ভিত্তিতেই একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের পথ খুলে যেতে পারে।

সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ মেটাতে প্রস্তাবিত আদেশে একধরনের ভারসাম্য আনা হচ্ছে। 

উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়নে গত ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে একটি সুপারিশ জমা দেয়। তাতে বলা হয়, সরকার একটি আনুষ্ঠানিক আদেশ জারি করে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবে।

কিন্তু আদেশ জারির আগেই কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ চরমে পৌঁছায়। এ প্রেক্ষাপটে ৩ নভেম্বর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহ্বান জানানো হয়। তবে এখন পর্যন্ত কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি; বরং পক্ষগুলো প্রকাশ্যে মুখোমুখি অবস্থান নিয়েছে।

দেশজুড়ে এখন নজর দুপুরের প্রধান উপদেষ্টার ভাষণের দিকে—যেখানে জাতির সামনে আসতে পারে একটি ঐতিহাসিক ঘোষণা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com