জেলা প্রশাসকদের কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামীর নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

প্রধান উপদেষ্টা । সংগৃহীত

 

আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়; এটি দেশ রক্ষার নির্বাচন।”

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।

আগামী নির্বাচনকে শুধু পাঁচ বছরের সরকার গঠনের প্রক্রিয়া নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটিকে অতিরিক্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করেন ড. ইউনূস।

তিনি বলেন—
“এটা সম্পূর্ণ ভিন্নধর্মী নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে; এবার সেই স্মৃতি ছাপিয়ে যেতে হবে।”
“এই নির্বাচন গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে।”

জেলা প্রশাসকদের প্রতি কঠোর দায়িত্ববোধের নির্দেশ

নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন—
“কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে, আর জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায়।”

তিনি আরও বলেন—
“নির্বাচনকে একই সঙ্গে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে হবে। যা জানার দরকার—সব জেনে নেবেন।”

তরুণ–নারী ভোটারের গুরুত্ব

গত ১৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটারের উপস্থিতি স্মরণ করে তিনি বলেন—
“তারা এবার ভোট দেবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও গভীর আগ্রহ নিয়ে দেখছেন—বাংলাদেশ কেমন নির্বাচন আয়োজন করে।”

ড. ইউনূস নির্বাচনকে গণঅভ্যুত্থানের প্রতি প্রতিশ্রুতির অংশ বলে উল্লেখ করেন—
“এই নির্বাচন একটি বিরাট অভিযান; এ অভিযানে আমাদের জিততেই হবে। স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই লড়াইয়ে জয়ী হতে হবে।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com