ই–পারিবারিক আদালত উদ্বোধনে আইন উপদেষ্টার সতর্কবার্তা: অতিরিক্ত সংস্কারে ঝুঁকি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো দুর্বল করা যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, যেকোনো প্রক্রিয়াই বাস্তবায়ন করতে হলে তা ধাপে ধাপে, ক্রমান্বয়ে এগিয়ে নিতে হয়।
আজ সোমবার ঢাকা মহানগর আদালতে ই–পারিবারিক আদালত কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে এখন আর আদালতে যেতে হবে না—লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে সেবা পাওয়া যাবে। নতুন প্রক্রিয়ায় একজনের বদলে তিনজন বিচারককে যুক্ত করা হয়েছে, যা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
ড. আসিফ নজরুল বলেন, “সংস্কারের চিন্তা আরও বাস্তবসম্মত হওয়া উচিত। আমরা অনেক কিছু করতে পারিনি। তবে আশা করি নতুন সরকার এসব উদ্যোগ অব্যাহত রাখবে। না হলে উদ্যোগগুলো ম্লান হয়ে যাবে।”
আইন মন্ত্রণালয়ের সংস্কারের ধারাবাহিকতা তুলে ধরে তিনি জানান, এখন পর্যন্ত ২১টি ক্ষেত্রে সংস্কার চালু হয়েছে। তবে আইনজীবীসহ সংশ্লিষ্টরা এসব প্রক্রিয়ায় যুক্ত না হলে এবং ধারাবাহিকতা বজায় না থাকলে এসব সংস্কার টিকবে না।
অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, নতুন ডিজিটাল প্রক্রিয়া দেশের পেপারলেস সিস্টেমকে আরও এগিয়ে নিয়ে যাবে। এই উদ্যোগ গ্রহণ করায় তিনি আইনজীবীদের ধন্যবাদ জানান।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ই–পারিবারিক আদালত কার্যক্রম আইন পেশাজীবীদের দ্রুত ও কার্যকর সেবা দিতে সহায়তা করবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, এই উদ্যোগ বিচার ব্যবস্থাকে পেপারলেস সিস্টেমের দিকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নেবে।
ই–পারিবারিক আদালত চালুর ফলে মামলার দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত খরচ, দূরত্বজনিত সমস্যা, কাগজপত্র ব্যবস্থাপনা, সময়ক্ষেপণ, ভিড় ও অপেক্ষার মতো সমস্যার সমাধান হবে। একইসঙ্গে দ্রুত অনলাইন প্রক্রিয়া, ন্যূনতম খরচ, ঘরে বসে সেবা গ্রহণ, ডিজিটাল নথি, সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন ও অনলাইন শিডিউলিং সুবিধাও মিলবে বলে জানায় আয়োজকরা।
জগন্নাথ–সোহেল স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিচার বিভাগ, আইনজীবী ও বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ