ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে তফসিল, গণভোটে থাকবে একীভূত চার প্রশ্ন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম

নির্বাচন কমিশনার, ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। “ইনশা আল্লাহ, জাতিকে সুন্দর, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়ন করব,” মন্তব্য করেন তিনি।

সিইসি জানান, জাতীয় নির্বাচনের পাশাপাশি এবার অতিরিক্ত একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে, ফলে সময় ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এতে মোট চারটি প্রশ্ন থাকলেও ভোট গ্রহণ হবে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’ ভিত্তিতে। আইনি কাঠামো অনুসারে প্রশ্নগুলো পৃথকভাবে নয়, বরং একসঙ্গে বান্ডেল আকারে উপস্থাপন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতেই নির্ধারিত হয়েছে।

সিইসি আরও জানান, নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমা অনুযায়ী সব কার্যক্রম এগিয়ে নিচ্ছে এবং ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com