তারেক রহমানের ফেরাকে ঘিরে জল্পনা–কল্পনা, ‘নিয়ন্ত্রণ কার হাতে?’

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:২০ এএম

তারেক রহমান, ছবি সংগৃহীত

 

মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে ‘সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেন তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণ কার হাতে— এসব প্রশ্নে দিনভর চলেছে জল্পনা-কল্পনা।

রাজনৈতিক উত্তাপের এমন সময়ে বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে। এ বিষয়ে আর কিছু বলার নেই।” তার সংক্ষিপ্ত মন্তব্য আরও কৌতূহলের জন্ম দিয়েছে বলে পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন।

এদিকে, তারেক রহমানের স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে স্পষ্ট জানান, “এ ব্যাপারে (তারেক রহমানের ফেরা) সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ বা কোনো ধরনের আপত্তি নেই।” সরকারের এই অবস্থান রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন প্রশ্ন তুলেছে— তাহলে বাধা কোথায়?

উল্লেখ্য, গত অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, তিনি “দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান”। দলীয় নেতারাও তখন জানিয়েছিলেন, নভেম্বরেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও বিএনপি নেতার দেশে ফেরার বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি।

তার ফেসবুক স্ট্যাটাসে উত্থাপিত "নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ" প্রসঙ্গ এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন— তারেক রহমান ফিরতে চাইলে কে বা কারা তাকে বাধা দিচ্ছেন?

পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছে বিএনপি নেতাকর্মীসহ দেশের রাজনৈতিক মহল।

কিন্তু নভেম্বর শেষ হওয়ার মাত্র এক দিন আগে তারেক রহমান নিজেই জানালেন যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ তার নেই।

 

প্রসঙ্গত, সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে, বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে, দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে 'বিদেশ থেকে একটা খেলা চলছে'।

বড় দুটি দল বলতে তিনি আওয়ামী লীগ ও বিএনপির কথা বুঝিয়েছেন। যদিও বিএনপির কোনো নেতাই এসব বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com