ভারতীয় আধিপত্যবাদ: প্রতিবাদে তীব্র ঘৃণা জানাতে দূতাবাসের উদ্দেশ্যে একা হেঁটে যাচ্ছে রাশেদ প্রধান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

ফাইল ছবি

ভারতীয় আধিপত্যবাদ এবং দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের প্রতিবাদে একা পায়ে হেঁটে গুলশানে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেছেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে গুলি করার স্থান থেকে রোববার সকাল ১০টায় তিনি এই যাত্রা শুরু করেন।


পদযাত্রার শুরুতে রাশেদ প্রধান বলেন, ‘হিন্দুস্তান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা এবং ওসমান হাদির খুনিদের আশ্রয় দিয়েছে। বছরের পর বছর ধরে সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা না দেয়া এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা দিল্লির জন্য ছেলেখেলায় পরিণত হয়েছে। দেশের মানুষের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের আগ্রাসী মনোভাবের প্রতি আমি তীব্র ঘৃণা জানাতে চাই।’

জাগপা মুখপাত্র আরো বলেন, ‘অতীতে একাধিকবার মিছিল সহকারে ভারতীয় দূতাবাসে যাওয়ার এবং স্মারকলিপি বা পত্র দেয়ার চেষ্টা করেছি। কিন্তু প্রশাসন আতঙ্কিত হয়ে মাঝপথে আটকে দিয়েছে। তাই এবার প্রায় ৮ কিলোমিটার পথ একা পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রশাসন বুঝতে পারে একজন নিরস্ত্র ব্যক্তি দূতাবাসের জন্য কোনো হুমকি নন।’

রাশেদ প্রধান জানান, ভারতীয় দূতাবাসের জন্য তিনি সাথে কালো গোলাপ নিয়েছেন, যা রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক।

সুত্র: নয়া দিগন্ত।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com